সহায়তা পেলে অর্থনীতিতে ভূমিকা রাখবে জুয়েলারি শিল্প

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সরকারের সহায়তা পেলে দেশের অর্থনীতিতে জুয়েলারি শিল্প উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা।

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী ‘স্বর্ণ কর মেলা’ র উদ্বোধন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সরকারের সহযোগিতা কামনা করে বাজুসের সাধারণ সম্পাদক বলেন, সরকার যদি আমাদের একটু সহায়তা করে, তাহলে এ দেশের অর্থনীতিতে বস্ত্র, পাট ও চামড়া শিল্পের পর এ দেশের অর্থনীতিতে জুয়েলারি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তাই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে শুল্ক ও কর নির্ধারণ করার আহ্বান জানান।

তিনি সরকারের কাছে ঢাকার অদূরে জুয়েলারি পল্লী তৈরি করার জন্য জমি বরাদ্দ এবং একটি আধুনিক জুয়েলারি ইনস্টিটিউশন তৈরির অনুমোদন চান। তাহলে আগামী ১০ বছরের মধ্যে এদেশের জুয়েলারি শিল্পে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বলেও তিনি মনে করেন।

২০১৮ সালের ৮ নভেম্বর বাংলাদেশ সরকার স্বর্ণ নীতিমালা প্রণয়ন করে। তাতে কোনো স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী কর্তৃক অঘোষিত অমজুদকৃত এবং উক্ত নীতিমালার আওতায় ঘোষিত স্বর্ণ, স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্যের ওপর প্রদেয় আয়কর কমিয়ে প্রতি ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের জন্য ১ হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডের জন্য ৬ হাজার টাকা এবং প্রতি ভরি রৌপ্যের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ডিলার স্বর্ণব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীকে আগামী ৩০ জুনের মধ্যে অঘোষিত এবং মওজুদকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার, কাট ও পোলিশড ডায়মন্ড এবং রৌপ্য সম্পর্কে ঘোষণা দিয়ে কর পরিশোধ করতে হবে। এ প্রজ্ঞাপনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বলবত থাকবে।

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘স্বর্ণ কর মেলা’।  মেলা চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেলা। এছাড়া সব বিভাগীয় শহরে ২৪ ও ২৫ জুন এ মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি গঙ্গা চরণ মালাকার, বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ রায়, কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক খানসহ স্বর্ণ ব্যবসায়ীরা।

(এসএএম/ ২৩ জুন ২০১৯)


Comment As:

Comment (0)