মৌলভীবাজারের ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি
বিনিয়োগবার্তা ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের বগি ছিটকে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ চলছে। এ দুর্ঘটনার কারণে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
(এমআইআর/ ২৪ জুন ২০১৯)



