দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেসবুক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কারিগরি ত্রুটির কারণে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রাট নিয়ে ক্ষমা চাইলো ফেসবুক। বুধবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা হওয়ায় গ্রাহকদের কাছে এক বার্তায় ক্ষমা চায় ফেসবুক কর্তৃপক্ষ। একইসঙ্গে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও জানিয়েছে বিশ্বব্যাপি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
খবর গালফ টুডে।
জানা গেছে, বুধবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সমস্যার সৃষ্টি হয়। ফেসবুকের পাশাপাশি সমস্যায় পড়তে হয় ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও। ফেসবুকের এই বিভ্রান্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে। তবে বাংলাদেশে বুধবার ফেসবুক ব্যবহার করা গেলও তা ছিল খুবই ধীর গতির। রাত পৌনে নয়টা থেকে বাংলাদেশে সমস্যা বেশি দেখা দেয়। প্রায় ৩৯ শতাংশ ফেসবুক ব্যবহারকারী লগইন করার সময় সমস্যার মুখে পড়েন।
ফেসবুক বলছে, ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড এবং এগুলো পাঠাতে সমস্যা হচ্ছে। আমাদের নজরে এসেছে বিষয়টি। এজন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেসবুক।



