‘এ্যাপেক এফআরটিআই’ সম্মেলন শুরু সোমবার; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চার দিনব্যাপি ‘এ্যাপেক এফআরটিআই’ সম্মেলন শুরু হবে আগামী সোমবার (০৮ জুলাই) থেকে। ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন এর ওপর অনুষ্ঠিতব্য ‘এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন ফিন্যান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিসিয়েটিভ’ (APEC FRTI) শীর্ষক এ সেমিনারটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তত্ত্বাবধানে এবং চীনের অর্থায়নে রাজধানীর প্যান প্যঅসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত থাকবেন।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, পরিচালক রেজাউল করিম, ফারহানা ফারুকীসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ আহমেদ জানান, ৮ জুলাই সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত সম্মেলনে অংশগ্রহণকারীদের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এরপর এডিবি’র বাংলাদেশ রেসিডেন্ট মিশন, কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করার পাশাপাশি বক্তব্য প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন বেলা ১১টা-১২.৩০ টা পর্যন্ত “বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অ্যান্ড জার্নি টুয়ার্ড ফিন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টর প্রটেকশন” এর ওপর প্রথম সেশন অনুষ্ঠিত হবে। উক্ত সেশন পরিচালনা করবেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, এফসিএমএ,সিএফএ এবং কমিশনের নির্বাহী পরিচালক মো: মাহবুবুল আলম।
আর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দ্বিতীয় সেশন চলবে। এ সেশনে “রোল অব ইন্টারমিডিয়ারিস ইন প্রমোটিং ফিন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টর প্রটেকশন” এর আলোচনা উপস্থাপন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান।
এছাড়া বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিএসইসির “নিউ করপোরেট গভর্ন্যান্স কোড” নিয়ে তৃতীয় সেশনে আলোচনা করবেন বিএসইসির নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।
এছাড়াও বিকেল ৪.১৫ থেকে ৫.১৫ পর্যন্ত দিনের শেষ ও চতুর্থ সেশনে ‘এনহেন্সিং ইনভেস্টর নলেজ ওন ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার’ নিয়ে আলোচনা করবেন ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: শহিদুল ইসলাম।
আর একই পদ্ধতিতে সম্মেলনের পরবর্তী সেশনগুলো সম্পন্ন হবে। অনান্য দিনের সেশনগুলোতে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা নিজ নিজ দেশের পুঁজিবাজার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করবেন। এসব অভিজ্ঞতা বিনিময়ের ফলে দেশের পুঁজিবাজারের স্টেকহোল্ডার ও বিনিয়োগকারীদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে করে বিএসইসি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশে প্রথম বারের মতো আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, মালয়েশিয়া, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়াসহ মোট ১০টি দেশের স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা অংশগ্রহন করবেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান বলেন, অতীতে আমরা বিভিন্ন দেশে আয়োজিত অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেন্ট হিসেবে অংশ নিয়েছি। কিন্তু এবারই প্রথম আমরা বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানদন্ডে পৌঁছাতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
(এসএএম/ ০৬ জুলাই ২০১৯)



