বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে ফিরে গেল ৩ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তিনটি ফ্লাইট ফেরত গেছে।
ফ্লাইটগুলোর একটি কক্সবাজার বিমানবন্দর ও অন্য দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরওয়ার-ই-জামান জানান, বুধবার বেলা ২টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঢাকা থেকে এবং অন্য একটি কলকাতা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট দুটি অবতরণ করতে পারেনি। পরে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এছাড়া কলকাতা থেকে চট্টগ্রাম আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটও বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় ফেরত গেছে।
(এমএ/এসএএম/ ১০ জুলাই ২০১৯)



