‘হাওরের ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: হাওরে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গত মঙ্গলবার সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদে ওই এলাকার মানুষদের সঙ্গে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র শ্রেণীকে বিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা এবং সাধারণ ক্ষতিগ্রস্তদেরকে ১০ টাকা কেজি দরে খাদ্য শস্য সরবরাহ করা হবে। এসময় তাদেরকে বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আগাম বন্যা ও পাহাড়ী ঢলের কারণে ফসলহানি হয়েছে। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ফসল লাগাতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য মন্ত্রী কৃষি বিভাগকে নির্দেশ দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য ইয়াহিয়া চৗধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সফিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(এমএ/এসএএম/ ২০ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)