রিফাত হত্যা মামলায় রিশান ফরাজী গ্রেফতার

বিনিয়োগবার্তা ডেস্ক: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার তিন নম্বর আসামি রাশেদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে কোথা থেকে রিশানকে গ্রেফতার করা হয়েছে, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে গ্রেপ্তারের কথা জানান পুলিশ সুপার মারুফ হোসেন।

পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রিশান ফরাজীকে আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। গ্রেপ্তারের মধ্যে ১০ জন রিফাত হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রিশান বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং এই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। এর আগে ২ জুলাই রিফাত ফরাজীকে (২৩) গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।

(এমআইআর/ ১৮ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)