আর্থিক প্রতিষ্ঠানগুলোর মন্দাবস্থা কাটিয়ে উঠতে সব ধরনের সহায়তা করবে কেন্দ্রিয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আর্থিক প্রতিষ্ঠান খাতের চলমান মন্দাবস্থা সামাল দিতে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন খাতটির প্রতিনিধিরা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে খাতটির প্রতিনিধিরা জানান, কিছু খারাপ প্রতিষ্ঠানের জন্য ভালো-মন্দ সব আর্থিক প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশ কিছু সুপারিশ করেছেন আর্থিক খাতের প্রতিনিধিরা।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংকিং রিফর্ম অ্যাডভাইজার  এসকে সুর চৌধুরি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্বাহী পরিচালক মো. শাহ আলমসহ প্রায় সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা সাংবাদিকদের জানান, একটি প্রতিষ্ঠান (পিপলস লিজিং) বন্ধ ঘোষণার পর চাপ সৃষ্টি হয়েছে পুরো খাতে। ব্যক্তিগত আমানতকারিদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিরাও টাকা উঠিয়ে নিতে চাচ্ছে। এমনকি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ব্যাংকের যে বিনিয়োগ ছিল সেগুলোও উঠিয়ে নিতে চাচ্ছে তারা। এর ফলে তীব্র তারল্য সংকটে থাকা আর্থিক খাতে তৈরি হয়েছে নতুন শঙ্কার।

জানা গেছে, বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় বিশেষ স্কিম অথবা ভালো মানের প্রতিষ্ঠানগুলো থেকে বিনিয়োগ করে তারল্য ফেরানোর ব্যাবস্থা করার আবেদন করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংক সবসময় আমাদের পাশে থাকার আশ্বাস ও চিন্তিত না হওয়ার পরামর্শ দেয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ব্যাংকে টাকা না রেখে ওই টাকা অন্য আর্থিক প্রতিষ্ঠানে রাখে তাহলে উভয়ই উপকৃত হবে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যেকোনো ধরনের সহযোগীতা করতে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক।

(এসএএম/ ২৩ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)