‘ডুব’ মুক্তিতে প্রকাশক সমিতির আপত্তি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’ মুক্তিতে আপত্তি জানিয়েছে বই প্রকাশকদের সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আপত্তির কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে আমরা জানতে পেরেছি যে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনকে ঘিরে নির্মিত হয়েছে।
প্রতিবাদ পত্রটিতে আরও বলা হয়েছে, এই চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের জীবনের এমন কিছু প্রসঙ্গ রয়েছে, যেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন আছে। ‘হুমায়ূন আহমেদের মতো কিংবদন্তির জীবনভিত্তিক ছবি নির্মাণ করতে হলে আমরা মনে করি, অবশ্যই তার পরিবারের সম্মতিতে হওয়া উচিৎ।’
চলচ্চিত্রটিতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে ভুল বার্তা দেওয়া হবে বলে আশঙ্কা সংগঠনটির। তাই চলচ্চিত্র থেকে ‘বিতর্কিত, আপত্তিকর ও অবাঞ্ছিত’ অংশগুলো বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
ছবিটিতে অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী। যৌথ প্রযোজনার ছবি ‘ডুব’ সেন্সরবোর্ডে জমা পড়ার আগেই হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের এক চিঠির পর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা আটকে গেছে।
শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেওয়া হয় ‘ডুব’ ছবির অনাপত্তিপত্রে। সে কারণে নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা পড়ার আগেই থমকে যায় চলচ্চিত্রটির বাংলাদেশে মুক্তি প্রক্রিয়া। তবে ছবিটি আন্তর্জাতিক মুক্তিতে কোন বাধা রয়েছে কিনা সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা।
(এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৭)



