পর্যটন মেলায় ক্রেতা আকৃষ্টে ব্যবসায়ীদের বিভিন্ন ডিসকাউন্ট
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ক্রেতাদের আকৃষ্ট করতে ট্যুরিজম মেলায় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের প্যাকেজ ও ডিসকাউন্টের ব্যবস্থা করেছে। এতে স্টলগুলোতে ক্রেতারা বুকিং দিচ্ছেন। তবে মেলার ৩য় বা শেষ দিন বৃষ্টিতে এতে কিছুটা বাধাগস্থ হয়েছে। অন্যথায় এ দিনটি আরও ভালো হতে পারতো বলে মনে করেন ব্যবসায়ীরা।
মেলায় ব্যবসায়ীরা আসন্ন ঈদকে ঘিরে বিভিন্ন দেশে হোটেলে থাকা, যাতায়াতসহ প্যাকেজের ব্যবস্থা করেছেন। এ ছাড়া বিভিন্ন দেশে যাতায়াতে ডিসকাউন্ট দিচ্ছেন। বাংলাদেশ বিমানও এক্ষেত্রে পিছিয়ে নেই। সরকারি এই বিমান থেকে দেওয়া হচ্ছে ২০ শতাংশ ডিসকাউন্ট। যা ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা রুটে যাতায়াতে দেওয়া হচ্ছে।
ইউএস বাংলা এয়ারলাইনসের মার্কেটিং ও সেলস এক্সিকিউটিভ মো. মুকবুল হোসাইন বাবু বলেন, , মেলাকে ঘিরে বাংলাদেশ-কলকাতা যাতায়াতের উপর ১৫ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য রুটে ১৫০০-২০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর ইউএস বাংলায় বিজনেস শ্রেণীর জন্য বাসা থেকে যাত্রীকে নেওয়া, এম্বারগেশন কার্ড মেশিনের মাধ্যমে পূরণ করা ও নিজস্ব বেল্ট ব্যবস্থায় ১০ মিনিটের মধ্যে লাগেজ দেওয়ার ব্যবস্থা রয়েছে। যা অন্যকোন বিমানে নাই।
এদিকে বৃষ্টির কারনে শনিবার মানুষের উপস্থিতি কম বলে জানান বাবু। তবে বিকালে আবহাওয়া ভালো হলে, উপস্থিতি ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা-কক্সবাজার যাতায়াতে ৫২০০ থেকে কমিয়ে নভোএয়ারের পক্ষ থেকে ৪০০০ টাকা ভাড়া করা হয়েছে বলে জানান নিলাদ্রি। স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটে ১২ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। এই গ্রাহকও হওয়া যাচ্ছে কোন ধরনের ফি ছাড়াই শুধুমাত্র একটি ফরম পূরন করে। এ ছাড়া কলকাতা ও কক্সবাজারে বিভিন্ন হোটেলে থাকার প্যাকেজ ব্যবস্থা রয়েছে।
৩দিনের এ মেলা শনিবার (২২ এপ্রিল) রাত ৮টায় শেষ হবে।
(ইউএম/ ২২ এপ্রিল ২০১৭)



