পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রনালয় ও বিএসইসির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রনালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩১ জুলাই) ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর ফজলে কবির এ তথ্য জানান।

মুদ্রানীতিতে পুঁজিবাজারে সম্পর্কে বলা হয়েছে, নিয়মিত টার্নওভারের পরিবর্তনশীলতার মধ্যে ডিএসইর ব্রড ইনডেক্স জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের তুলনায় জুন, ২০১৯ অর্থবছরে কিছুটা পরিবর্তন এসেছে। দেনের পরিমাণ নিম্নস্তরে আটকে রয়েছে। এ অবস্থা থেকে উত্তোরণে বিএসইসি এবং অর্থমন্ত্রনালয়ের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ অবস্থার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য পুরনো বিভিন্ন কোম্পানির সঙ্গে ভালো করপোরেটের নতুন আইপিও সঠিক মূল্যে বাজারে এনে উভয়ের মিশ্রণ ঘটাতে হবে। বিএসইসি প্রণীত নতুন আইপিও আইনের প্রয়োগ করতে হবে।

মুদ্রানীতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আগের মুদ্রানীতিতে মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য করপোরেট বন্ড ইস্যু করে বন্ড মার্কেটের সক্রিয়তার ওপর গুরুত্ব দেয় যা বর্তমানে সরকারও বেশ গুরুত্ব দিচ্ছে। বন্ড মার্কেট উন্নত হলে দেশের ক্যাপিটাল মার্কেটে নতুন মাত্রা আসবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, নতুন মুদ্রানীতিতে আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩.২ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ১৪.৮ শতাংশ। গত জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১.৩ শতাংশ। আর আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৫.২ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ২৪.৩ শতাংশ। গত জুন পর্যন্ত সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২১.১ শতাংশ। নতুন মুদ্রানীতিতে নীতি নির্ধারণী সুদ হারে কোনো পরিবর্তন আনা হয়নি।

(এসএএম/৩১ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)