সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম। এ নিয়ে চলতি মাসে চতুর্থবারের মত বাড়ানো হল স্বর্ণের দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর বাড়ার ঘোষণা দিয়েছে।

এতে জানানো হয়, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। আগের বারের মতো এবারও ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। এতে এই মানের স্বর্ণের প্রতি ভর দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। শুধু ২২ ক্যারেট নয়, এ দফায় ২১ ক্যারেট এবং সনাতন স্বর্ণের দামও বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হওয়ায় সমন্বয়ের জন্য স্থানীয় পর্যায়েও দাম বাড়াতে হয়েছে বলে যুক্তি দিয়েছে সংগঠনটি।

এ নিয়ে গত দেড় মাসে ছয় দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় সাত হাজার ৯০০ টাকা বা ১৫ শতাংশের বেশি বেড়েছে।

স্বর্ণ করমেলার পর গত ৪ জুলাই দর বাড়িয়েছিল বাজুস। ওই দাম বাড়ানোর আগে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫০ হাজার ১৫৫ টাকা। এরপর চলতি মাসে চার দফা এবং গত মাসে আরও এক দফায় দর বাড়ায় স্বর্ণ ব্যবসায়ীদের সমিতি।

নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দর ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দর ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকা রয়েছে।

(এসএএম/ ২৭ আগস্ট ২০১৯)


Comment As:

Comment (0)