রিহ্যাবের বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২১ এপ্রিল শুক্রবার দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি বেলুন এবং পায়রা উড়িয়ে বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব এর উদ্বোধন করেন
। পাশাপাশি বাংলা নববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বৈশাখী ও বাউল সংগীত। দলীয় নৃত্য, যাদু ও কৌতুক পরিবেশনা করা হয় উৎসবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি। বৈশাখী উৎসবকে সার্বজনীন উল্লেখ করে তিনি বলেন, বৈশাখী অনুষ্ঠানমালা আমাদের ঐতিহ্যের অহংকার। বাংলা নববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব একঘেঁয়েমী জীবন যাত্রা থেকে বের করে সকলের মধ্যে ভাতৃত্ববোধ ও আত্মার সম্পর্ক সৃষ্টি করবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।
তিনি বলেন, আমাদের দেশে একমাত্র বাংলা নববর্ষের অনুষ্ঠানমালা ধর্ম, বর্ণ-জাতি নির্বিশেষে সবাই আনন্দের সাথে উদযাপন করে। বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব আধুনিক জীবনের অসহনীয় ব্যস্ততা আর দিন যাপনের গ্লানির মধ্যে হাফ ছাড়বার অবকাশ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ এর সংসদ সদস্য জনাব এ. এম. নাইমুর রহমান, শরিয়তপুর-৩ এর সংসদ সদস্য জনাব নাইম রাজ্জাক এবং ময়মনসিংহ-৯ এর সংসদ সদস্য জনাব ফাহমী গোলন্দাজ বাবেল। এছাড়া রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির কো চেয়ারম্যান কামাল মাহমুদ সহ রিহ্যাব পরিচালনা পর্ষদের বিভিন্ন পরিচালকবৃন্দ এবং কালচারাল স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ বনভোজন ও পিঠা উৎসবে শিশু-কিশোরদের বিনোদনের জন্য ছিল পুতুল নাচ, বানর খেলা, বাইয়স্কোপ। সকালে সবার জন্য পান্তা ইলিশ ছাড়াও সারা দিন ছিল নানা ধরনের মুখরোচক খাবার। দিনব্যাপী অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের একক সংগীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ফ্যাশন শো। বিভিন্ন ভাগে শিশু-কিশোরসহ বড়দের জন্য আয়োজন ছিল কয়েক ধরনের র্যাাফেল ড্র। সবশেষে সংগীতের মুর্ছনায় সবাইকে মাতিয়ে তোলেন নগরবাউল এর জেমস। অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল কমিটির চেয়ারম্যান মোঃ জহির আহমেদ।
(এসএএম/ ২৩ এপ্রিল ২০১৭)



