ডিএসইর নিকুঞ্জ ভবনে শাখা খুলবে এসআইবিএল
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের নিকুঞ্জ ভবনের দ্বিতীয় তলা ভাড়া নিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ২৫০০ বর্গফুটের এ ফ্লোরে শাখা খুলবে ব্যাংকটি।
রোববার এ বিষয়ে এক সমঝোতা স্মারক সই হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)মহাব্যবস্থাপক (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) মো. ছামিউল ইসলাম এবং সোশ্যাল ইসলামি ব্যাংকের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইহসানুল আজিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএসইর নিকুঞ্জ টাওয়ারের ২য় তলায় প্রতি বর্গফুট ২০০ টাকা ভাড়া সাপেক্ষে ২৫০০ বর্গফুট জায়গায় শাখা অফিস স্থাপন করবে সোশ্যাল ইসলামী ব্যাংক।
এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. মাজেদুর রহমান বলেন, ডিএসইর নিকুঞ্জ ভবনে আর্ন্তজাতিকমানের সকল সুবিধার নিশ্চয়তা রয়েছে। এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সু-সজ্জিত অডিটরিয়াম এবং সর্বাধুনিক গাড়ী পার্কিং সুবিধাসহ সব আধুনিক সুবিধা বিদ্যমান রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস এবং ডিএসই’র কোম্পানী সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
(ইউএম/ ২৩ এপ্রিল ২০১৭)



