ডিএসইকে মুন্নুর দুই কোম্পানির প্রতিবেদন দাখিল করতে হবে ১৪ দিনের মধ্যে   

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকসের শেয়ার কারসাজি সংক্রান্ত বিষয়ে আগামী ১৪ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে  প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কমিশনের ৬৯৭তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই কর্তৃপক্ষ মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকসের শেয়ার কারসাজির বিষয়ে ডিএসই লিস্টিং রেগুলেশনস, ২০১৫ এর ৫৪ (১) অনুযায়ি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবে। যা আগামী ১৪ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য সময় বেধেঁ দিয়েছে কমিশন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর মুন্নু সিরামিকসের শেয়ার লেনদেন পাবলিক মার্কেট থেকে স্পট মার্কেটে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কমিশন। এছাড়া কমিশন ওইদিন মুন্নু সিরামিকস, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মুন্নু সিরামিকসের শেয়ার লেনদেন ও আর্থিক প্রতিবেদনে অনিয়ম এবং ঘোষণার মাধ্যমে কর্পোরেট উদ্যোক্তা মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শেয়ার বিক্রি সংক্রান্ত বিষয়ে কমিশনের তদন্ত প্রতিবেদন ও ডিএসইর দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মুন্নু জুটের শেয়ার লেনদেনেও অনিয়ম পেয়েছে বলে জানায় কমিশন।

(এসএএম/ ১৮ সেপ্টেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)