ব্যাংকনোটের আদলে বিল-টোকেন-টিকেট ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকেট ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। এ নিষেধাজ্ঞা পালন না করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জী. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরা এবং শহরাঞ্চলের সন্নিকটে স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকেট ইত্যাদি ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে।

টাকার আদলে এ ধরনের বিল, কুপন, টিকেট ব্যবহারের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জালনোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে। এছাড়া, ব্যাংক নোটের আদলে খাবারের বিল, কুপন, টিকেট প্রস্তুত ও ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং এরূপ কর্মকান্ড হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। এ বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে বর্ণিত কর্মকান্ড হতে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএএম/ ২২ সেপ্টেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)