এখন অনলাইনেও অভিযোগ দাখিল করতে পারবেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এখন থেকে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইটে পুঁজিবাজার সংক্রান্ত যাবতীয় অভিযোগ দায়ের করতে পারবেন বিনিয়োগকারীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ,২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ‘কাস্টমার কমপ্লায়েন্ট এ্যাড্রেস মডিউল (সিসিএএম) নামক এই অনলাইন মডিউলটি চালু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এই অনলাইন মডিউলের উদ্বোধন করেন। এসময় বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা, খোন্দকার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, ফরহাদ আহমেদ, সাইফুর রহমান, রোকসানা চৌধুরীসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়,‘কাস্টমার কমপ্লেইন্ট অ্যাড্রেস মডিউল’ (সিসিএএম) নামে সফটওয়্যারটির মাধ্যমে এখন সকল অভিযোগ দাখিল করতে পারবেন বিনিয়োগকারীরা। বিএসইসির ওয়েবসাইটের এই উইন্ডোতে প্রবেশ করে সহজেই অনলাইনে ফরম পূরণের মাধ্যমে যেকোনো অভিযোগ দাখিল করা যাবে। এরফলে পুঁজিবাজারসংক্রান্ত যাবতীয় অভিযোগ নিষ্পত্তি আরও সহজ হয়ে আসবে বলে মনে করছে বিএসইসি।

(এসএএম/ ৩০ সেপ্টেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)