‘বিনিয়োগ শিক্ষা ছাড়া পুঁজিবাজারে সচেতন বিনিয়োগকারী সৃষ্টি সম্ভব নয়’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিনিয়োগ শিক্ষা ছাড়া পুঁজিবাজারে শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারী সৃষ্টি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা, এফসিএমএ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে ডিএসই প্রাঙ্গণে ‘রিং দ্য বেল ফিন্যান্সিয়াল লিটারেসি” উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বিনিয়োগকারীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি, এফসিএমএ। এছাড়া ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর পেপার প্রেজেন্টেশন প্রদান করেন ডিএসই’র মহাব্যবস্থাপক এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।
ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর সেশন চেয়ার হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক ওয়ালিউল ইসলাম, মিনহাজ মান্নান ইমন, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট এবং ডিবিএ’র সভাপতি মো: শাকিল রিজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি’র কমিশনার ড. স্বপন কুমার বালা বলেন, “২০১৭ সালে সর্ব প্রথম International Organization of Securities Commissions (IOSCO) বিশ্বব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয়। সেই থেকে আমরা দেশব্যাপি ফিন্যান্সিয়াল লিটারেসির কার্যক্রম শুরু করি। বিএসইসির নির্দেশ ক্রমে ডিএসই, সিএসই, ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংকসহ সকল অংশীজনরা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি বিশ্বাস করি বিনিয়োগ শিক্ষা ছাড়া পুঁজিবাজারে শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারী সৃষ্টি সম্ভব নয়। বিনিয়োগ শিক্ষার মাধ্যমেই বিনিয়োগকারীরা ভালো কোম্পানি ও কোম্পানির আদি-অন্ত সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে পারবেন”।
তিনি বলেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জায়গা। এখানে বিনিয়োগ করার আগে বাজার সম্পর্কে কিংবা বাজারের প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। আর এ জন্যই বিনিয়োগ শিক্ষা গুরুত্বপূর্ণ। যথাযত শিক্ষা নিয়ে জেনে-বুঝে বিনিয়োগ করলে এ বাজারে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে। তাই সকল বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান তিনি।
(এসএএম/ ৩০ সেপ্টেম্বর ২০১৯)



