‘স্বতন্ত্র পরিচালকদের যথাযত ভূমিকা পুঁজিবাজারকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকরা যথাযত দায়িত্বশীল হলে পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হেলাল উদ্দিন নিজামী।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৯’ এর দ্বিতীয় দিনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
‘দি রোল অব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অব মাইনরিটি শেয়ারহোল্ডারস’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা কর্মশালাটির আয়োজন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন নিজামী বলেন, কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা যদি নিজেদের রুল সম্পর্কে সচেতন হন তাহলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এছাড়া কমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখলেও আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। যোগাযোগ বাড়ালে তাদের দায়িত্ব পালনে যে সকল সমস্যা হচ্ছে-সেগুলো জানা যাবে। সেক্ষেত্রে কি করা যায়- সে ব্যবস্থা গ্রহন করা যাবে। পুঁজিবাজারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ তখন অনেক সহজ হবে।
অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ।
পরে ‘দি রোল অব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অব মাইনরিটি শেয়ারহোল্ডার্স’ শীর্ষক প্রতিপাদ্যের উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমানের সঞ্চালনায় এ সেশনে অংশগ্রহন করেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, বিএসইসির পরিচালক মো: আবুল কালাম, তালিকাভূক্ত কোম্পানি গ্লাক্সোস্মিথক্লাইনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএমএ, চার্টার্ড একাউন্টেন্ট স্নেহাশীষ বড়ুয়া এফসিএ, এসিএ।
আর এ আলোচনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া।
(এসএএম/ ০১ অক্টোবর ২০১৯)



