‘স্বতন্ত্র পরিচালকের জোড়ালো ভূমিকায় তালিকাভূক্ত কোম্পানিতে স্বচ্ছতা বাড়বে’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা একটু জোরালো হলে কোম্পানিগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৯’ উপলক্ষ্যে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলেস্বতন্ত্র পরিচালকের ভূমিকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা একথা বলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক আয়োজিত প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। আর আলোচনায় অংশগ্রহন করেন বিএসইসির পরিচালক আবুল কালাম, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো. চার্টাড একাউন্টস ফার্মের এর অংশীদার স্নেহাশীষ বড়ুয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও)একেএম জিয়াউল হাসান খান।
প্যানেল আলোচনায় বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, কোম্পানির পরিচালনা পর্ষদে সংখ্যালঘু বিনিয়োগকারীদের পক্ষে কথা বলার কেউ থাকে না। পরিচালকরা অনেক ধরনের সিদ্ধান্ত তাদের স্বার্থের কারণে নিয়ে থাকেন। এতে করে সংখ্যালঘু বিনিয়োগকারীদের ক্ষতি হতে পারে।তাই এখানে স্বতন্ত্র পরিচালকের ভূমিকা অনেক।
তিনি বলেন, স্বতন্ত্র পরিচালক হচ্ছেন সংখ্যালঘু বিনিয়োগকারীদের পরিচালক। বোর্ডে তারা না থকতে পারলেও স্বতন্ত্র পরিচালক তাদের স্বার্থে কথা বলবেন। কোম্পানির জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ- সে বিষয়ে তারা কথা বলবেন।
বিএসইসির পরিচালক আবুল কালাম বলেন, কোম্পানির পরিচালকদের কোনো সিদ্ধান্তের বিষয়ে স্বতন্ত্র পরিচালক তাদের সাথে আলোচনা করবেন। সংখ্যালঘু বিনিয়োগকারীদের ক্ষতি বা লাভ নিয়ে কথা বলবেন। অডিট কমিটির প্রতিবেদন নিয়ে তাদের সাথে কথা বলবেন।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, স্বতন্ত্র পরিচালকদেরকে কোম্পনির পরিচালকদের সাথে বন্ধুসূলভ হতে হবে। সংখ্যা কোনো বিষয় নয়, একা থাকলে একাই কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হবে। বোর্ডকে প্রশ্নবিদ্ধ করতে হবে। কারণ সংখ্যালঘু বিনিয়োগকারীরা সেখানে কেউ থাকে না। তাদের পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালকরাই থাকেন। তাই তাদের স্বার্থের বিষয় স্বতন্ত্র পরিচালকদেরকে ভাকতে হবে।
গ্লাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান বলেন, কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে দেখতে হবে কার ব্যবসায়িক অভিজ্ঞতা আছে কিনা। তার ব্যবসায়িক শিক্ষা আছে কিনা। যে কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া যাবে না। তাকে অবশ্যই যোগ্য এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সমপন্ন হতে হবে।
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো. এর অংশীদার স্নেহাশীষ বড়ুয়া বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের স্বতন্ত্র পরিচালকদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কম। তাই বলে দায়িত্ব অবহেলা করা যাবে না। কারণ একজন স্বতন্ত্র পরিচালকের উপর সংখ্যালঘু বিনিয়োগকারীদের স্বার্থ নির্ভর করছে। তাকে তার অবস্থান তৈরি করে নিতে হবে। কোম্পানির সকল সিদ্ধান্ত ও কার্যক্রমে তাকে পর্যবেক্ষণ করতে হবে। এবং বোর্ডকে জবাবদিহি করতে হবে।
একমি ল্যাবরেটরিজের স্বতন্ত্র পরিচালক ফওজিয়া হক প্রশ্ন করে বলেন, কোম্পানিতে আমাদের খুব কম সময় থাকতে হয়। বছরে কয়েকদিন তাও আবার আধঘন্টা থেকে একঘন্টা পর্যন্ত। এত অল্প সময়ে কোম্পানির অডিট রিপোর্ট পর্যবেক্ষন করে তা নিয়ে কিভাবে কথা বলা যায়।
তার প্রশ্নের জবাবে অলোচনা প্যানেলের সদ্যসরা বলেন, যখন বোর্ড সভা হয় তখন পর্যবেক্ষণ করার সময় থাকে না। তবে স্বতন্ত্র পরিচালকরা এ বিষয়ে আগে থেকে সময় নিতে পারেন। বোর্ড সভার কয়েকদিন আগে থেকে অডিট রিপোর্ট নিয়ে সেটা পর্যবেক্ষণ করে তারপর সেটা নিয়ে কথা বলবেন। এবং এ বিষয়ে বোর্ডকে আগে থেকেই জানিয়ে রাখবেন।
অুনষ্ঠানে উপস্থিত অধিকাংশ স্বতন্ত্র পরিচালকরারা বলেন, কোম্পানির কোনো বিষয়ে বোর্ডকে জবাবদিহিতা করতে গেলে তো আমাদেরকেই রাখবে না। তাহলে আমরা কথা বলবো কিভাবে।
এবিষয়ে সাইফুর রহমান বিএসইসি কমিশনার হেলাল উদ্দিন নিজামীর বরাত দিয়ে বলেন, এ বিষয়ে আমাদের কমিশনার আগেই বলে গেছেন যে কোম্পানির ভালোর জন্য স্বতন্ত্র পরিচালকদেরকে বিএসইসির সাথে যোগাযোগ বাড়াতে হবে। কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা যদি নিয়মিত কমিশনের সাথে যোগাযোগ রাখে তাহলে তাদের সাথে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে। তাদের দায়িত্ব পালনে যে সকল সমস্যা হচ্ছে সেগুলো জানা যাবে। সেক্ষেত্রে কি করা যায় সে অনুযায়ি ব্যবস্থা গ্রহন করা যাবে।
অনুষ্ঠানে ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি, বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান, বিএসইসির পরিচালক আবুল কালাম, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও গ্লাক্সোস্মিথ ক্লাইন বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ রানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকরা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ০২ অক্টোবর ২০১৯)



