‘বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএসইসি’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
তিনি বলেন, পুঁজিবাজারে সাধারণ মানুষের আস্থা প্রতিষ্ঠা করতে হলে সবার আগে বিনিয়োগকে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। আর এ জন্য দরকার বিনিয়োগ শিক্ষা এবং বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। কারণ, পুঁজিবাজার স্থিতিশীল না থাকলে বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকেন না।
বুধবার (২ অক্টোবর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আয়োজিত ‘Investor Education and Protection’ শীর্ষক আলোচনা সভঅয় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৯’ উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এতে সভাপতিত্ব করেন সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন।
শেখ কবির হোসেন বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতার কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। প্রথমতঃ স্থিতিশীলতার জন্য কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্যের (Corporate Disclosure) পর্যাপ্ত হতে হবে। এসব তথ্য হতে হবে নির্ভরযোগ্য। বিনিয়োগকারীদের মধ্যে করপোরেট ডিসক্লোজার বিশ্লেষণ করার মত সক্ষমতা থাকতে হবে।
দ্বিতীয়তঃ বাজার স্থিতিশীলতার জন্য ইনসাইডার ট্রেডিং বন্ধে সব সময় কঠোর থাকতে হবে। বিএসইসি এ বিষয়ে কঠোর নজরদারি করছে।
অন্যদিকে বাজারে কারসাজি সহজে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসি, ডিএসই ও সিএসইতে সর্বাধুনিক সার্ভিল্যান্স সিস্টেম বসানো হয়েছে।
অনুষ্ঠানে প্যঅনেল আলোচনায় অংশ নেন বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, ডিএসই ব্রোকারস’ অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভী, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, আইডিএলসি ইনভেস্টমেন্টের প্রধান নিবার্হী কর্মকর্তা মনিরুজ্জামান ও রেস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হাসান ইমাম।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, অধ্যাপক স্বপন কুমার বালা, খোন্দকার কামালুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসেম, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারীসহ বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের প্রতিনিধিবৃন্দ।
বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারে বিনিয়োগসংক্রান্ত জ্ঞান টাকার পুঁজির চেয়েও বড় পুঁজি। ইপিএস, এনএভি, পিই রেশিওসহ বিভিন্ন টার্মের অর্থ, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ এসব ক্ষমতা থাকলে বিনিয়োগের ঝুঁকি কমে যায়। তাই বিনিয়োগ শিক্ষার প্রতি বিএসইসি অনেক গুরুত্ব দিয়ে আসছে।
(এসএএম/ ০৩ অক্টোবর ২০১৯)



