‘পুঁজিবাজারকে গতিশীল করতে চাইলে ব্যাংকের দীর্ঘমেয়াদী অর্থায়ন বন্ধ করতেই হবে’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের পুঁজিবাজারকে গতিশীল করতে চাইলে ব্যাংকের দীর্ঘমেয়াদী অর্থায়ন বন্ধ করতেই হবে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলালউদ্দিন নিজামী।

তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের যে অবস্থা তাতো সকলেরই জানা। খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। অনেক ঋণ পূনরুদ্ধার করাও সম্ভব নয়। কোনোভাবেই ব্যাংক আর দীর্ঘমেয়াদী অর্থায়ণে যেতে পারবে না। পৃথিবীর অনেক উন্নত দেশই দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে ব্যাংকের বিকল্প হিসেবে পুঁজিবাজারকে বেছে নিয়েছে। আমাদেরকেও সে পথেই হাঁটতে হবে। সরকারকেও এ বিষয়ে গভীরভাবে ভাবতে হবে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৯ উপলক্ষে ‘Conference On Awareness of Retail Investors Regarding Fixed Income Securities’ শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করে বিএসইসি।

এতে আরও উপস্থিত ছিলেন-বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, পরিচালক রেজাউল করিম, ডেপুটি ডিরেক্টর মো: ইকবাল হোসেন, শেখ লুৎফুল কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

অধ্যাপক হেলালউদ্দিন নিজামী বলেন, আমাদের শেয়ারবাজারে অনেকগুলো রেগুলেটরি প্রতিষ্ঠানের অংশগ্রহন রয়েছে। অনেক সময় তাদের সিদ্ধান্ত শেয়ারবাজারকে প্রভাবিত করে। আমরা সকলের সাথে সমন্বয়ের চেষ্ঠা করছি। পুঁজিবাজারের গভীরতা বাড়াতে, গতিশীলতা বাড়াতে এবং বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, গত কয়েকটি বছরে আমরা বাজারে অনেক সংস্কার করেছি। নতুন নতুন পণ্য আনতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। পুঁজিবাজারের জন্য বন্ড মার্কেটের উন্নয়নসহ নতুন প্রোডাক্টের ডাইভারসিফিকেশন জরুরী। এ্যাসেট ব্যাকড সিকিউরিটিজ এবং ইনভেস্টমেন্ট সুকুক বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এসব কিছু বাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। এসব প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য বোঝার জন্য বিনিয়োগ শিক্ষার গুরুত্ব অনেক। পুঁজিবাজারকে বিকশিত করতে বিনিয়োগ শিক্ষাকে আরও বেগবান করতে হবে। শিক্ষিত জনগোষ্ঠীকে পুঁজিবাজার সম্পর্কে জানান দিতে হবে। তাহলেই পুঁজিবাজার বিকশিত হবে।

অনুষ্ঠানে `Investment in ABS and SUKUK’  শীর্ষক এক বিনিয়োগ শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলামের সঞ্চালনায় কমিশনের উপ পরিচালক মো: ইকবাল হোসেন ও শেখ লুৎফুল কবির এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় অনান্যের মধ্যে পরিচালক রেজাউল করিম ও ফারহানা ফারুকীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বাজারসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

(এসএএম/ ০৩ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)