‘কোম্পানি সচিবরা উদ্যোক্তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: তালিকাভুক্ত কোম্পানির সচিবরা উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী।

শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর পল্টনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৯’ উপলক্ষে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বলেন, তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির সচিবকে উদ্যোক্তা/পরিচালকরা ব্যক্তিগত সচিব হিসাবে ব্যবহার করছেন। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কোম্পানি সচিবরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করতে না পারলে বাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হবেন বলেও জানান তিনি।

বিএসইসির এই কমিশনার বলেন, শেয়ারের দর কেন বাড়ে বা কেন কমে এগুলো দেখার দায়িত্ব কি কমিশনের? আমাদের সূচকের মধ্য‌ে আটকে রাখা হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যে কাজ করা হয়েছে-তা ইতিহাস হয়ে থাকবে। কমিশনের যে জনবল সংকট রয়েছে তাও কেটে যাবে। যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার এজিএম পার্টিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ খুঁড়িয়ে চলছে। এখানে যোগ্য লোক নেই। স্টক এক্সচেঞ্জে করপোরেট গভর্ন্যান্স ঠিকমতো হচ্ছে কিনা সেটি দেখার সময় এসেছে। কমিশনের সঙ্গে স্টক এক্সচেঞ্জ তাল মেলাতে পারছে না। বাজারের প্রতি স্টেকহোল্ডারদের যে দায়িত্ব রয়েছে- সেটি ঠিকমতো পরিপালন করা হচ্ছে না।

অনুষ্ঠানে বিএমবিএর প্রেসিডেন্ট নাসেরউদ্দিন চৌধুরী, মহাসচিব আবুল বাশার, সাবেক প্রেসিডেন্ট ছায়েদুর রহমানসহ সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন কোম্পানির কমপ্লায়েন্স অফিসাররা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ০৫ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)