‘এসএমই ও ভি-নেক্সট প্লাটফর্ম’ নিয়ে ডিএসইর সেমিনার সোমবার
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে ডিএসই এসএমই নামে নতুন একটি প্লাটফর্ম চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর নতুন এই প্লাটফর্ম সম্পর্কে সংশ্লিষ্টদেরকে অবহিত করতে একটি সেমিনারের আয়োজন করেছে ডিএসই।
‘প্রমোটিং ডিএসই এসএমই ও ভি-নেক্সট প্লাটফর্ম’ নামের এই সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখবেন বিএফপিবি প্রোগ্রামের টীম লিডার ফয়সাল হোসেন, ঢাকা চেম্বার অব কমার্সের (ডিসিসিআই) প্রেসিডেন্ট ওসামা তাসীর এবং ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।
(এসএএম/ ০৬ অক্টোবর ২০১৯)



