‘এসএমই কোম্পানিগুলো তালিকাভূক্ত হলে জিডিপিতে পুঁজিবাজারের অবদান আরও দৃশ্যমান হবে’
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের শিল্প কারখানাগুলোর পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া শুরু হলে জাতীয় অর্থনীতিতে (জিডিপি) পুঁজিবাজারের অবদান আরও দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
তিনি বলেন, দেশের এসএমই কোম্পানিগুলোর মধ্যে মাত্র ১৪ শতাংশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। আর বাকিদের মধ্যে অনেকেই জানে না কিভাবে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হয়। এসএমই প্লাটফর্ম চালু হওয়ার ফলে এখন এসব কোম্পানি দীর্ঘমেয়াদে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এতে এসএমই খাতের উন্নতি হবে। পরবর্তীতে কোম্পানিগুলো পুঁজিবাজারের মূল প্লাটফর্মেও তালিকাভুক্ত হতে পারবে। আর এরফলে জাতীয় অর্থনীতি পুঁজিবাজারের অবদান আর দৃশ্যমান হবে।
সোমবার (০৭ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘প্রমোটিং ডিএসই এসএমই এন্ড ভি-নেক্সট প্লাটফর্ম’শীর্ষক এ অনুষ্ঠানটির আয়ো্জন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওসামা তাসির। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী ড. স্বপন কুমার বালা ও খোন্দকার কামালুজ্জামান।
অনুষ্ঠানে ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম চালু হওয়ার ফলে এখন এসএমই কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এতে এসএমই খাতের উন্নতি হবে। দেশের অর্থনীতির আকার বড় হবে। পরবর্তীতে কোম্পানিগুলো পুঁজিবাজারের মূল প্লাটফর্মে তালিকাভুক্ত হতে পারবে। আর ভি নেক্সট প্লাটফর্মের মাধ্রমে শুধু চাইনিজরা নয়, সারা বিশ্ব থেকে বাংলাদেশে ইনভেস্ট করার আগে বাজার অ্যাক্সেস করতে পারবে, বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ বাড়বে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের স্টক মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট চালু করে অন্যান্য উন্নত দেশগুলোর স্টক মার্কেটের সমপর্যায়ে পৌছাবে।
তিনি আরো বলেন, স্মল ক্যাপ প্ল্যাটফর্মকে প্রাধান্য দিয়ে শিগগিরই আগ্রহী কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে যাচ্ছে বিএসইসি। ইতোমধ্যে ১০টি কোম্পানি প্লাটফর্মে তালিকাভুক্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, চায়নীজরা এখন আমাদের বাজারের স্ট্যাটেজিক পার্টনার। তারা বিশ্বের বিভিন্ন বড় বড় ক্যাপিটাল মার্কেটের সাথে কাজ করছে। এছাড়া এসএমই খাতে অর্থায়নের মাধ্যমে তারা পুঁজিবাজারগুলোর সঙ্গে তাদের অবস্থান সূদৃঢ করেছে। বাংলাদেশেও খুব শিগগীরই এই উন্নয়ন আমরা দেখতে পারবো। আগামী ২-৩ বছরের মধ্যে অনন্য উচ্চতায় পৌছাবে আমাদের পুঁজিবাজার।
অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমেদ চৌধুরী বলেন, ডিএসই স্মল ক্যাপ প্লাটফর্ম উদ্বোধন পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শেষ দশকে বাংলাদেশের ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি এই বাজারকে ভালোভাবে প্রতিষ্ঠা করবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে এসএমই কোম্পানিগুলো নিয়ে কাজ করতে ২৬টি মার্চেন্ট ব্যাংকের সাথে চুক্তি করে ডিএসই।
অনুষ্ঠানের শুরুতে ‘এসএমই ও ভি-নেক্সট প্লাটফর্ম’ নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী। আর অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।
(এসএএম/ ০৭ অক্টোবর ২০১৯)



