চট্টগ্রাম-মদিনা সরাসরি ফ্লাইট চালু ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৩১ অক্টোবর চট্টগ্রাম-মদিনা রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজে যাত্রী পরিবহন শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন চলবে এ ফ্লাইট। প্রতি বৃহস্পতিবার দুপুরে শাহ আমানত থেকে উড্ডয়ন করবে মদিনাগামী ফ্লাইটটি।

বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন রুটে একজন যাত্রীর বাংলাদেশ বিমানে চট্টগ্রাম-মদিনা যেতে খরচ হবে সর্বনিম্ন ৩৩ হাজার টাকা; আর ফিরতি পথে খরচ হবে ২৭ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম বিমান ভাড়া পড়বে সর্বনিম্ন প্রায় ৬১ হাজার টাকা। আর চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম বিমান ভাড়া পড়বে সর্বনিম্ন ৭১ হাজার টাকা।

ভ্রমণ তারিখের যত কাছের সময়ে টিকিট কাটা হবে ততই খরচ বেশি পড়বে। আর আগেভাগে টিকিট কাটলে চট্টগ্রাম-মদিনা রুটে ভ্রমণ করলে অন্তত ১০ হাজার টাকা সাশ্রয় হবে।

(এসএএম/ ১৪ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)