মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের দ্বিতীয় তলায় ফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। এদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন, আর ছেলে ২২ হাজার ৮৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে রাত ৮টায় ফলাফল দেখা যাবে।
গতকাল সোমবার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য অধিদফতর চূড়ান্ত জাতীয় মেধাতালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করতে না পারায় সম্ভব হয়নি।
গত শুক্রবার রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর ছিল।
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৬ হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করলেও শেষ পর্যন্ত সাড়ে তিন হাজার পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।
(এমআইআর/ ১৫ অক্টোবর ২০১৯)



