এডিএন টেলিকমের আর্থিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এডিএন টেলিকম লিমিটেড। তবে আলোচ্য অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর)অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে এডিএন টেলিকমের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.০৩ টাকা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.২৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ নভেম্বর বেলা ১২টায় লেকশোর হোটেল, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এডিএন টেলিকমের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ৪ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। এডিএন টেলিকম লিমিটেড পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এ লক্ষ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হবে। আর সাধারন বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রয় করা হবে। এই শেয়ার বিক্রয় থেকে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা সংগ্রহ করা হবে।
(এমআইআর/এসএএম/ ১৯ অক্টোবর ২০১৯)



