নরসিংদীতে ট্রাকের চাপায় কমিউনিটি ট্রাফিক পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক, বিনিয়াগবার্তা, নরসিংদী: প্রতিদিন ঠিক যে স্থানে মিলন মিয়া ( ২৬) যানঝট নিরসনে ব্যস্ত থাকতেন সেখানেই তার নিথর, নিস্প্রাণ দেহটা পড়েছিল। নরসিংদী শহরের তার সেই চিরচেনা আরশীনগরেই শনিবার রাত ৯টায় একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে তার মৃত্যূ ঘটে। মিলন মিয়া কমিউনিটি ট্রাফিক পুলিশ হিসেবে আরশিনগর এলাকায় যানঝট নিরসনে নিয়োজিত ছিলেন। সদা হাস্যোজ্জ্বল ছোট-খাটো দেহ এই লোকটি সকলের কাছে মিলন ভাই হিসেবে পরিচিত। মিলন মিয়া রায়পুরা উপজেলার মরজালের মনজু মিয়ার ছেলে।

শারীরিকভাবে প্রতিবন্ধী মিলনের উচ্চতা ছিল তিন ফুটের মত। তিনি আরশীনগর রেলক্রসিংয়ের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুরা থেকে একটি বালু বোঝাই ট্রাক নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। আরশিনগর মোড়ে তীব্র গতিতে বাঁক নেওয়ার সময় মিলনকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মিলনের মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে উত্তেজিত জনতা ঘাতক ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, জনতার হাতে আটককৃত ট্রাক ও ট্রাক ড্রাইভারকে পুলিশ হেফজতে নেওয়া হয়েছে।

(এসএইচআর/ এসএএম/ ২০ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)