বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি-ডিএসই ও ডিবিএ’র বৈঠক

♦   আতঙ্কিত না হওয়ার পরামর্শ

♦  আইপিও অনুমোদনে কঠোর হওয়ার ইঙ্গিত

♦  ডিএসইকে এক্সপার্ট প্যানেল গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনে আরও কঠোর হচ্ছে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে পাইপলাইনে থাকা কোম্পানিগুলোর প্রসপেক্টাস গভীরভাবে দেখ ভালের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নতুন করে এক্সপার্ট প্যানেল গঠনের পরামর্শ দিয়েছে বিএসইসি। এক্সপার্টের প্যানেলের প্রতিবেদন দেখে সস্তুষ্ট হলেই নতুন করে আইপিওর অনুমোদন দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকারের্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এসব বিষয়ে কথা বলেন।

বৈঠকে বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা এফসিএমএ, খোন্দকার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, মো: সাইফুর রহমান, মোঃ আনোয়ারুল ইসলামসহ ডিএসইর চার শেয়ারহোল্ডার পরিচালক মোঃ রকিবুর রহমান, শরীফ আতাউর রহমান, মিনহাজ মান্নান ইমন, মোঃ হানিফ ভূইয়া ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মাসুদুর রহমান এবং ডিএসইর সাবেক প্রেসিডেন্ট ও ডিবিএর প্রেসিডেন্ট ও  মোঃ শাকিল রিজভী উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি, বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে ডিএসই’র পরিচালকবৃন্দ ও ডিবিএ’র প্রেসিডেন্ট বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে কমিশন বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়। একইসঙ্গে বাজারে উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি ও ডিএসই একযোগে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছে।

ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, কমিশনের সঙ্গে একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে বাজারে আস্থা ফিরে পাবে। বাজারে এখন বিনিয়োগাকরীদের মধ্যে শুধু হাহাকার, বাজারে অব্যাহত পতনে আস্থার সংকট তৈরি হয়েছে। আইপিওতে আসা কোম্পানিগুলোর নিরীক্ষিত প্রতিবেদনের উপর চূড়ান্তভাবে অনাস্থা জ্ঞাপন করেছে বিনিয়োগকারীরা। সর্বোপরি বাজারে সার্বিক বিষয় সম্পর্কে বিএসইসিকে অবহিত করেছি। কমিশন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্প্রতিক সময়ে যে সমস্ত আইপিও বাজারে এসেছে সেসব কোম্পানির প্রসপেক্টাস ও আর্থিক প্রতিবেদনের প্রতি বিনিয়োগকারীদের নূন্যতম আস্থা নেই। কারণ এই ইস্যুগুলো আইপিওতে আসার আগে প্রোসপেক্টাসে যে তথ্য উপাত্ত ছিল তালিকাভুক্তির পরে তা ভুল প্রমাণিত হয়েছে। এতে বিনিয়োগকারীদের মাঝে চরম আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। ফলে অনতিবিলম্বে গত ২৯ এপ্রিল পর্যন্ত হাতে থাকা কোম্পানিগুলোর আইপিও অনুমোদনের ক্ষেত্রে কঠিন ও কঠোরতর সিদ্ধান্ত গ্রহণের জন্য ডিএসইর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সভায় মোঃ রকিবুর রহমান, শরীফ আতাউর রহমান, অধ্যাপক মাসুদুর রহমান এবং ডিবিএর প্রেসিডেন্ট মোঃ শাকিল রিজভী আইপিও এবং আর্থিক প্রতিবেদনে অনিয়মের বিভিন্ন বিষয় তুলে ধরলে বিএসইসি জানায়, তারাও এসব অনিয়মের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছে। কোম্পানিগুলোর আইপিও অনুমোদনের ক্ষেত্রে এখন থেকে আরও গভীর পর্যবেক্ষণ এবং কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানান।

এ জন্য কমিশন ডিএসইর পরিচালনা পর্ষদের সহযোগিতা চেয়েছে। সে লক্ষ্যে ডিএসই বোর্ডকে একটি আইপিও পর্ববেক্ষণ প্যানেল গঠনের পরামর্শ দিয়েছে কমিশন।

মিনহাজ মান্নান ইমন বলেন, অচিরেই ডিএসই’র পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় দেশের শীর্ষস্থানীয় অডিট ফার্মগুলোর সমন্বয়ে ডিএসই একটি আইপিও এক্সপার্ট প্যানেল গঠন করবে। আইপিওতে আসার জন্য ডিএসইতে জমাকৃত প্রসপেক্টাসসমূহ এই প্যানেলের কাছে পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে। তাদের প্রদানকৃত পর্যবেক্ষণ সমূহ যাচাই পূর্বক বিএসইসি আইপিও’র চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।

এছাড়াও ডিএসইর পরিচালনা পর্ষদ কোন প্রসপেক্টাসে অসংগতি বা সন্দেহজনক তথ্য পেলে তা তাৎক্ষনিকভাবে দ্রুততম সময়ের মধ্যে বিএসইসির অনুমোদন সাপেক্ষে ডিএসই তদন্ত করতে পারবে। প্রয়োজনে ২৪ ঘন্টার মধ্যে কমিশন তদন্তের অনুমোদন দেবে বলে জানান এই পরিচালক।

এছাড়াও নতুন আইপিও ও রাইট শেয়ার অনুমোদনের ক্ষেত্রে কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। বেশ কয়েকজন পরিচালক কমিশনকে জানান, আইপিও’র কর্মকা- কিছু সংখ্যক ইস্যু ম্যানেজার ও অডিট ফার্মের বৃত্তে আটকে আছে। যা বাজারের জন্য সুস্থ লক্ষণ নয়। বর্তমানে পঞ্চাশেরও অধিক মার্চেন্ট ব্যাংক এবং সাইত্রিশটি নিবন্ধিত অডিট ফার্ম থাকা সত্তেও হাতে গোনা কয়েকটি ফার্মই আইপিও’র কাজ করছে। এর উত্তরে কমিশন জানায়, নিবন্ধিত থাকা সত্বেও যারা আইপিও আনতে পারছে না তাদেরকে সতর্ক করা হবে, প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে। এছাড়াও বিভিন্ন অডিট ফার্মের ওয়ার্কিং পার্টনারের বিষয়ে অনুসন্ধান করা হবে।

ডিএসইর এই পরিচালক জানান, ডিএসইতে নতুন আইপিওর লেনদেনের ক্ষেত্রে প্রথম দিন ৫০ শতাংশ, দ্বিতীয় দিন তার ওপর ৫০ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপের জন্য প্রস্তাব করা হয়েছে। তারপর থেকে স্বাভাবিক ভাবে লেনদনে হবে। এবিষয়ে কমিশন পরবর্তী আইপিও থেকে এ হারে সার্কিট ব্রেকার আরোপের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

ডিএসই’র পরিচালকদের অভিযোগের ভিত্তিতে কমিশন জানায়, আইপিওতে আসা কোম্পানিগুলোর উদ্যোক্তা ও প্লেসমেন্টধারী যদি একই ব্যক্তি হয়, সেক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে শেয়ার বিক্রির ক্ষেত্রে ১ বছরের পরিবর্তে ৩ বছর লক ইন আরোপ করা হবে। একইসাথে বিগত দিনে যে সমস্ত কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

(এসএএম/ ২৫ অক্টোবর ২০১৯)


Comment As:

Comment (0)