শার্শায় ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান উলাশী ফুটবল একাদশ
মনিরুল ইসলাম মনি, বিনিয়োগবার্তা, বেনাপোল: যশোরের শার্শায় নকআউট ভিত্তিক ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্তপর্বের খেলায় উলাশী ফুটবল একাদশ ২-১ গোলে বাগআঁচড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।
সোমবার বিকেলে উলাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ধলদাহ তবিবর রহমান সরদার (টিআরএস) মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। শার্শার উলাশী, বাগআঁচড়া, শার্শা ইউনিয়নসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দশর্ক ও ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।
খেলার প্রথমার্ধের ৫ মিনিটে বাগআঁচড়া ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত নাইজরিয়ার খেলোয়াড় জুলু একটি গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর ২৮মিনিটে উলাশী একাদশের ১১নং জার্সি পরিহিত নাইজেরিয়ার খেলোয়াড় বেস্তা একটি গোল করে দলের পক্ষে সমতা ফিরিয়ে আনেন। এরপর দ্বিতীয়ার্ধে ২৬ মিনিটে উলাশী একাদশের ১০নং জার্সি পরিহিত নাইজেরিয়ার খেলোয়াড় জেরী চমৎকার ১টি গোলে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। শত চেষ্টা করেও বিপরীত দল আর গোল করতে পারেনি। ফলে উলাশী ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে বাগআঁচড়া ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জয় করে।
জাকজমকপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন যশোর ফুটবল ফেডারেশনের রেফারি হুমায়ুন কবীর। সহকারী রেফারী ছিলেন বশীর আহমেদ ও সাইফুল ইসলাম।
খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান সিরাজুল হক মঞ্জু, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা থানার অফিসার ইন-চার্জ মুঃ আতাউর রহমান, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ আইনাল হক, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান প্রমুখ।
খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন উলাশী ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় জুলু। বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার হিসেবে বড় ও ছোট দুটি ফ্রিজ তুলে দেন অনুঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।
(এমআই/এসএএম/০৫ নভেম্বর ২০১৯)



