শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব ‘বটতলার রঙ্গমেলা ২০১৯’

বিনিয়োগর্বাতা ডেস্ক, ঢাকা: আন্তর্জাতিক নাট্যোৎসব ‘বটতলার রঙ্গমেলা ২০১৯’-এর পর্দা উঠবে আজ। ‘উচ্চে তুলে শির/ কণ্ঠে দিয়ে শান সৃজনে/ আনন্দে আমরাই ফেরাব ধ্বংস থেকে সৃষ্টির পথে; প্রাণে প্রাণ মেলাবোই গোলকের সব প্রান্ত ছুঁয়ে’ এই রঙ্গভাবনা নিয়ে এবারের নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। তৃতীয়বারের মতো এ নাট্যোৎসবের আয়োজন করেছে বটতলা। ১১ দিনব্যাপী এ উৎসবে মঞ্চায়িত হবে দেশী-বিদেশী বেশকিছু নাটক।

বটতলার রঙ্গমেলায় এবার বাংলাদেশসহ ভারত, স্পেন, ইরান ও নেপাল অংশগ্রহণ করছে। প্রতিদিন ‘মূল রঙ্গমঞ্চে’ বাংলাদেশের দুটি ও বিদেশের আটটি দল নাটক পরিবেশন করবে।

শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। এছাড়া উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা।

বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়ে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল উপন্যাস অবলম্বনে নাটক উৎসবের প্রথম দিনেই নাট্যরূপে মঞ্চায়িত করবে নাট্যদল ‘বটতলা’। বলা হচ্ছে, বটতলার অন্যতম প্রযোজনা এটি। এর আগে ভারতের বেশ কয়েকটি নাট্যোৎসবেও নাটকটি প্রদর্শিত হয়েছিল।

উৎসবের দ্বিতীয় দিন ভারতের রঙ্গাশ্রম নাট্যদলের পরিবেশনায় আমার মুখের আঁচলখানি, তৃতীয় দিন স্পেনের নাট্যদল মুন প্যালেসের পরিবেশনায় ডিলেমাস উইথ মাই ফ্লামেনকো টেইলকোট, চতুর্থ দিন নেপালের আরোহণ থিয়েটারের পরিবেশনায় ৪.৪৮ সাইকোসিস , পঞ্চম দিন ইরানের ক্রেজি বডি গ্রুপের পরিবেশনায় মিস্টিরিয়াস গিফট, ষষ্ঠ দিন ভারতের পশ্চিমবঙ্গের চাকদহ নাট্যজনের পরিবেশনায় বিল্বমঙ্গল কাব্য, সপ্তম দিন ঢাকার পদাতিক নাট্য সংসদের পরিবেশনায় ম্যাকবেথ, অষ্টম দিন ভারতের জলপাইগুড়ি কলাকুশলীদের পরিবেশনায় শুক, নবম দিন ভারতের সুখচর পঞ্চম রেপার্টরি থিয়েটারের পরিবেশনায় আচার্য প্রফুল্লচন্দ্র, দশম দিন ভারতের মুম্বাইয়ের জ্যোতি ডোগরা নাট্যদলের পরিবেশনায় ব্ল্যাক হোল এবং উৎসবের শেষদিন ২৬ নভেম্বর ‘বটতলা’ নাট্যদলের পরিবেশনায় খনা নাটকটি মঞ্চায়িত হবে।

শুধু রঙ্গমঞ্চই সরব থাকবে, বিষয়টি এমন নয়। কেননা মূল রঙ্গমঞ্চের বাইরে প্রতিদিন সন্ধ্যা ৬টায় ‘নাদিম মঞ্চে’ নাটক, কবিতা, গান, মূকাভিনয়, নাচসহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠান পরিবেশিত হবে। প্রথমদিনের আয়োজনের অংশ হিসেবে আজ মণিপুরি থিয়েটারের পরিবেশনায় ঢাক-করতালে বাজুক জীবন পরিবেশিত হবে। দ্বিতীয় দিন ‘সহজ গানের সন্ধ্যা’ একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ক্ষ্যাপা বাউল দল গান পরিবেশন করবে।

তৃতীয় দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি (জবিরঙ্গ) আয়না বিবির পালা মঞ্চস্থ করবে। চতুর্থ দিন সমগীতের পরিবেশনায় গানের আয়োজন থাকবে। পঞ্চম দিন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশনায় মূকাভিনয়: তাহাদের গল্প পরিবেশিত হবে। ষষ্ঠ দিন এফ মাইনর ব্যান্ডের পরিবেশনায় গানে গানে প্রাণের কথায় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তম দিন গান পরিবেশন করবেন সর্বনাম গানের দল।

অষ্টম দিন ঢাকা থিয়েটারের মঞ্চায়নে ফিয়ারলেস মঞ্চস্থ হবে। মাদলের পরিবেশনায় জেগে উঠুক মানবতার জয়গান অনুষ্ঠিত হবে। দশম দিন সংগীত পরিবেশন করবে পথের দল। ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় পারফরম্যান্স আর্ট: ছায়া পরিবেশিত হবে।

এছাড়া এ উৎসবে বিভাগীয় সম্মাননা প্রদানের আয়োজনও করা হয়েছে। প্রতিদিন প্রতিটি বিভাগ থেকে একজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে। বরিশাল বিভাগ থেকে খান দেলোয়ার হোসেন, সিলেটের হেমেন্দ্র চৌধুরি, ঢাকা থেকে হরিপদ সূত্রধর, রংপুর থেকে সবিতা সেনগুপ্তা, ময়মনসিংহ থেকে গৌরাঙ্গ আদিত্য, চট্টগ্রাম থেকে মিলন চৌধুরী, রাজশাহী থেকে অনিতা মৈত্র, খুলনা বিভাগ থেকে রোহানী বেগম মেরীকে সম্মাননা জানানো হবে।

উৎসবে বটতলা আজীবন সম্মাননা প্রদান করা হবে। এবার আজীবন সম্মাননা দেয়া হবে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। উৎসবের শেষদিন তাকে এ সম্মাননা দেয়া হবে। আজ শুরু হওয়া এ উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

( এসআর /১৬ নভেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)