৯ শতাংশ সুদহার ও গৃহ নির্মাণ ঋণ সীমা বৃদ্ধি করায় অর্থমন্ত্রীকে রিহ্যাবের অভিনন্দন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৯ শতাংশ সুদে ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর ঋণ বৃদ্ধি করার প্রস্তাবে সম্মতি দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একইসঙ্গে ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ১ কোটি ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করায় সরকারকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানায় সংগঠনটি।

রিহ্যাবের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লেয়াকত আলী ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ শতাংশ সুদে ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর ঋণ বৃদ্ধি করার প্রস্তাবে সম্মতি দেওয়ায় মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হবেন।

আমরা আশা করছি, খুব দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আবাসন খাতে ঋণ সুবিধা বৃদ্ধি এই খাতে ফলপ্রসু ভূমিকা রাখবে এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে। লিংকেজ শিল্পগুলো আরো প্রসার লাভ করবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ফ্ল্যাট এবং বাড়ি নির্মাণে গৃহঋণের সীমা ১ কোটি ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে। নতুন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এর গৃহঋণ বৃদ্ধির প্রস্তাবে সরকার সম্মতি জানায়। আমরা রিহ্যাব এর পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। ক্রমবর্ধমান চাহিদা এবং বাস্তবতা বিবেচনা করে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ বর্তমান সরকার প্রশংসার দাবিদার।

(এসএএম/ ০১ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)