নরসিংদীতে পাটকল শ্রমিকদের ২৪ ঘন্টার ধর্মঘট কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকদের ২৪ ঘন্টার ধর্মঘট কর্মসূচী চলছে। ইউএমসি জুটমিলের প্রধান ফটকের সামনে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ২৪ ঘন্টার ধর্মঘট চলবে আগামীকাল (বুধবার) সকাল ৬টা পর্যন্ত।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় হাজারো শ্রমিক।

ধর্মঘট কর্মসূচীতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ণ না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা। তারপর আবার ১০ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। সেই সাথে পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। যার সরকার মানছেন না। এ জন্য বাধ্য হয়ে আন্দোলন নেমেছে শ্রমিক কর্মচারীরা। আগামী ৯ তারিখের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে অনিদৃষ্টিকালের জন্য ধর্মঘটসহ অনশন কর্মসূচী পালন করবে বলে হুশিয়ারী দেন পাটকল শ্রমিকরা।

এসময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএইচআর/এসএএম/ ০৩ ডিসেম্বর ২০১৯)


Comment As:

Comment (0)