ভারতে কর্মসংস্থান বাড়াতে বড় প্রয়োজন সংস্কার কার্যক্রম
বিনিয়োগবার্তা ডেস্ক,ঢাকা: শ্লথ অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা ও অধিক সংখ্যক তরুণের কর্মসংস্থান সৃষ্টি করতে ভারতের ব্যাপক সংস্কার কার্যক্রম প্রয়োজন বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর রঘুরাম রাজন। খবর সিএনবিসি।
দেশটির জিডিপি প্রবৃদ্ধি গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে কমে ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়, যা ছয় বছরের সর্বনিম্নে।
এদিকে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর গতি শ্লথ হওয়ার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে জানান আরবিআইয়ের এ সাবেক গভর্নর। অন্যদিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের শ্রমবাজারে প্রতিনিয়ত অসংখ্য তরুণ প্রবেশ করছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। এছাড়া আমাদের অধিকাংশ প্রবৃদ্ধি কর্মমুখী হলেও এটির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ যথেষ্ট নয়। প্রসঙ্গত, ২০১৩-১৬ সালে তিনি আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব পালন করেন।
এদিকে গত বছরের নভেম্বরে দেশটির শিল্প খাতের উৎপাদন প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। তবে কারখানা কার্যক্রমের তথ্য, গাড়ি ও ব্যাংকঋণসহ বিভিন্ন নির্দেশকের ওপর ভিত্তি করে গত বছরের শেষ তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি সংকুচিত হয়ে আসতে পারে বলে পূর্বাভাস করেছিলেন কয়েকজন বিশেষজ্ঞ। অন্যদিকে সর্বশেষ কয়েকটি প্রান্তিকের প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে দেশটির কর্মসংস্থান বাড়েনি।
(এসআর /১৫ জানুয়ারি, ২০২০)



