সরকারি শেয়ার বিক্রি করে ১ লাখ ৫ হাজার কোটি রূপি সংগ্রহের লক্ষ্য ভারতের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী বাজেটে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির শেয়ার বিক্রি করে ১ লাখ ৫ হাজার কোটি রূপী যোগান দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে ভারতের কেন্দ্রিয় সরকার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ২২ হাজার কোটি টাকা।

খবর: ইকোনমিক টাইমস ও এনডিটিভি।

জানা যায়, আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে ভারতের কেন্দ্রীয় বাজেট। আর বাজেটের ঘাটতি পূরণে সরকারি কোম্পানির শেয়ার বিক্রি করে এ টাকার যোগান দেবে ভারত।

আরও জানা গেছে, হঠাৎ মন্দায় পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলতে শিল্প, আবাসনসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ প্রণোদনা দিতে যাচ্ছে ভারত সরকার। ইতোমধ্যে এর বেশ কয়েকটি বাস্তবায়ন শুরু হয়েছে। এসব কারণে সরকারের বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। আর তাই সরকারি কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে বাড়তি অর্থের একটি বড় অংশ সংস্থান করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

খবরে বলা হয়, আগামী অর্থবছরের এয়ার ইন্ডিয়া, বিপিসিএল এবং কনটেইনার কর্পোরেশনের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এছাড়াও কয়েকটি কোম্পানিতে থাকা কৌশলগত বিনিয়োগও (Strategic Investment) প্রত্যাহার করবে তারা।

তবে শেষ পর্যন্ত পুরো লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে কি-না তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছ। আর এই সন্দেহের পেছনে রয়েছে দুটি কারণ। প্রথমত: গত অর্থবছরেও সরকার শেয়ার বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা ৭০ শতাংশও ছুঁতে পারেনি তারা। দ্বিতীয়ত: রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য দরপত্র আহ্বান করে কাঙ্খিত সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত অর্থবছরে সরকারি শেয়ার বিক্রি করে ৯০ হাজার কোটি রূপি সংগ্রহের পরিকল্পনা করেছিল ভারত সরকার। আর এর বিপরীতে ডিসেম্বর মাস পর্যন্ত তারা ৬০ হাজার কোটি রুপির কাছাকাছি সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

(এসএএম/২৭ জানুয়ারি ২০২০)

 

 


Comment As:

Comment (0)