দাবানলের মধ্যে অস্ট্রেলিয়ায় বন্যা-সাইক্লোনের আঘাত!
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দাবানলের মধ্যে অস্ট্রেলিয়ায় বন্যা-সাইক্লোনের আঘাত!
প্রায় পাঁচ মাস ধরে ভয়াবহ দাবানলে জ্বলতে থাকা অস্ট্রেলিয়ায় ‘মন্দের ভালো’ হয়ে দেখা দিয়েছে প্রবল বৃষ্টিপাত। এরই মধ্যে কিছু কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনও সময় সাইক্লোনও আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম) জানিয়েছে, অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড প্রদেশে প্রবল বজ্রঝড় আঘাত হানতে পারে। এছাড়া নিউ সাউথ ওয়েলসের অন্তত ২০টি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য শনিবার সিডনিতে যে ম্যাচ আয়োজিত হওয়ার কথা, বৃষ্টিপাতের কারণে সেটি আগামী রোববার মেলবোর্নে অনুষ্ঠিত হবে।
বিওএমের আবহাওয়াবিদ মাইক ফানেল জানিয়েছেন, দেশটির পূর্ব দিক থেকে আসা উষ্ণ আদ্র বাতাস বৃষ্টি নামাচ্ছে। এ কারণে নিউ সাউথ ওয়েলসের উত্তরপূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত আশা করা হচ্ছে। এরপর তা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে।
এদিকে পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি উপকূলের গ্রীষ্মকালীন নিম্নচাপ তৃতীয় মাত্রার সাইক্লোনে পরিণত হয়ে আগামী শনিবার পিলবারা অঞ্চলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে অস্ট্রেলিয়ার কিছু কিছু অঞ্চলে দাবানলের তীব্রতা কমেছে। দেশটিতে গত সেপ্টেম্বর থেকে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত ১ কোটি ১৭ লাখ হেক্টর জমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ জন। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার দাবানলে অন্তত একশ কোটি প্রাণী মারা গেছে। ধ্বংস হয়ে গেছে অন্তত আড়াই হাজার বাড়িঘর।
সংশ্লিষ্টরা বলছেন, কিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও দাবানলের হুমকি এখনও শেষ হয়নি। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়ার মতো জনবহুল রাজ্যের অন্তত ৬০ স্থানে দাবানলের আগুন জ্বলছে, এর মধ্যে অর্ধেকেরও বেশি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সূত্র: রয়টার্স
(এসআর /০৬ ফেব্রুয়ারি, ২০২০)



