থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলিতে নিহত ১২
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: থাইল্যান্ডে সেনাবাহিনীর এক সদস্যের গুলিতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাচাসিমা শহরে দেশটির সেনাবাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
নাখন রাচাসিমা এলাকায় একটি শপিং মলের বাইরে হঠাৎ ওই সেনাসদস্য এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, থাই সেনাবাহিনীর এক সদস্য নির্বিচার গুলি চালিয়ে নাখন রাচাসিমায় অন্তত ১২ জনকে হত্যা করেছে। দেশটির রাজধানী ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ওই শহরটির শপিং মলের সামনে সেনাবাহিনীর ওই সদস্য সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলাকারী সেনাসদস্য এখনও শপিং মলের কাছে সক্রিয় রয়েছে। তাকে গ্রেফতার করা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারী সেনাসদস্য নাখন রাচাসিমায় একটি শপিং মলের বাইরে গাড়ি থেকে বেরিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় আতঙ্কিত লোকজন চারদিকে ছোটাছুটি শুরু করেন।
(এসএএম/০৮ ফেব্রুয়ারি ২০২০)



