করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব থাকবে ২০২১ সালেও

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নভেল করোনাভাইরাসের সংক্রমণে মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক বিভিন্ন শিল্প খাত। বিশেষ করে বিশ্বজুড়ে ধস নেমেছে পর্যটন শিল্পে। বিশেষজ্ঞরা বলেছেন, খাতটিতে করোনাভাইরাসের এ নেতিবাচক প্রভাব জারি থাকবে ২০২১ সাল পর্যন্ত। খবর ব্লুমবার্গ।

নভেল করোনাভাইরাসের সংক্রমণে নিউমোনিয়াসদৃশ কভিড-১৯ রোগের প্রাদুর্ভাব অনুভূত হচ্ছে এশিয়া মহাদেশজুড়ে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সর্বশেষ ২০১৭ সালের হিসাব অনুযায়ী, ওই বছর মহাদেশটির জিডিপিতে অবকাশ ও ব্যবসাসংক্রান্ত পর্যটন থেকে যুক্ত হয়েছিল ৮৮ হাজার ৪০০ কোটি ডলার। পাশাপাশি ২০১৮ সালে এশিয়ার পর্যটন খাত থেকে ১ ট্রিলিয়ন আয়ের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

কিন্তু ভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে পুরো বছরের জন্য না হলেও আগামী কয়েক মাসে দারুণভাবে ভুগতে হবে ট্রাভেল এজেন্সি ও হোটেলসহ পর্যটন শিল্পের সংশ্লিষ্ট সব খাতকে। যার প্রভাব অনুভূত হবে আগামী বছরেও।

ভ্রমণ সংস্থা এমবার্ক বেয়ন্ডের প্রতিষ্ঠাতা জ্যাক এজোন বলেন, লোকজন এখন তেমন কোথাও ভ্রমণে যেতে চাচ্ছে না। অনেকেই তাদের ভ্রমণের পরিকল্পনা আগামী বছরের জন্য তুলে রেখেছে। এরই মধ্যে তার ৭৫ শতাংশ পর্যটক ফেব্রুয়ারি ও মার্চে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছে। পর্যটনে নভেল করোনাভাইরাসের প্রভাব আগামী বছরেও পড়বে বলে জানিয়েছেন হিলটনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ন্যাসেটা।

(এস আর /১৫ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)