করোনা ভাইরাসে মার্কিন শেয়ারবাজারে দরপতন; ট্রাম্পের ক্ষোভ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কায় মার্কিন শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরইমধ্যে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন এবং ব্যবসায়ীদের মধ্যে এক রকমের উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন কাউন্টার্স ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি করোনাভাইরাস মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্প তার সহযোগীদেরকে করোনা ভাইরাসরে সম্ভাব্য পরিণতি নিয়ে কোন রকমের পূর্বাভাস বা আলোচনা করতে নিষেধ করেছেন যাতে শেয়ারবাজারে আর পতন না ঘটে। গতকাল পর্যন্ত টানা দু দিন নিউ ইয়র্ক শেয়ারবাজার ও ডাউ জোন্সে দরপতন ঘটেছে।

ওয়াশিংটন পোস্ট বলছে, ভারতে দুই দিনব্যাপী সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিবিড়ভাবে মার্কিন শেয়ারবাজারের দরপতনের বিষয়ে নজর রেখেছেন।

এদিকে মার্কিন নাগরিক সেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার করোনা ভাইরাসের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন তাতে হোয়াইট হাউজের কোন কোন কর্মকর্তা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অ্যালেক্স বলেছেন, যদিও আমেরিকায় করোনা ভাইরাসের তেমন কোন প্রভাব পড়েনি তবে বিভিন্ন দেশের কমিউনিটির মাধ্যমে বিশেষ করে এশিয়ার জনগণের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

(এসআর/ ২৬ ফেব্রুয়ারি, ২০২০)


Comment As:

Comment (0)