ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ক্রোয়েশিয়া
বিনিয়োগবার্তা ডেস্ক,: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব যখন লকডাউন ঠিক তখনই ইউরোপের ক্রোয়েশিয়ায় ৫.৪ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে ১৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছে।
২২ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ক্রোয়েশিয়া বাদেও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়াসহ বেশ কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভূ-কম্পন অনুভূত হয়।
ক্রোয়েশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী জাগরেব থেকে ৫.৮ মাইল উত্তরে। ভূ-কম্পনে বেশ কিছু জায়গায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক ভবনে ফাঁটল দেখা দিয়েছে। একই সঙ্গে দেয়াল ধস ও যানবাহনের ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ছাড়া জাগরেবের বিখ্যাত ক্যাথেড্রালের দুইটি চূড়াও ক্ষতিগ্রস্ত পড়েছে।
এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে ক্রোয়েশিয়াও লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে একসঙ্গে পাঁচজনের অধিক মানুষের সমাগম না হওয়ার জন্য দেশটির প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
আশপাশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতি কিংবা নিজের বাসার ভেঙে যাওয়া গ্লাস অথবা বিভিন্ন ধরনের শেলফের ছবি, ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৫.৪ মাত্রার এ ভূকম্পনের পাশাপাশি ক্রোয়েশিয়ায় মৃদুমানের আরও দুইটি ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়াসহ পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন- স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া কিংবা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় আতঙ্ক বিরাজ করছে।
(এসআর/২২ মার্চ, ২০২০)



