লকডাউন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ইউরোপ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় ইউরোপে অনেকটাই শিথিল লকডাউন। কিন্তু ভয়াবহ অর্থমন্দার পথে অনেক দেশ। এমতাবস্থায় পুরোপুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্বাস্থ্য-খাদ্য নিরাপত্তার দাবিতে বিক্ষোভে নেমেছেন ইউরোপের অনেক দেশের বাসিন্দারা।
এরইমাঝে স্পেন ঘোষণা দিয়েছে, জুলাই থেকে গোটা বিশ্বের সাথে স্বাভাবিক হবে দেশটির পর্যটন খাত। এছাড়া, দুর্গত পরিবারগুলোর সহায়তায় হাতে নেওয়া হয়েছে ৩০০ কোটি ইউরোর প্রকল্প।
স্পেনের অন্যান্য শহরে লকডাউন শিথিল করা হলেও করোনা ভাইরাস বিস্তারের শঙ্কায় টানা ৮৩ দিন ধরে অবরুদ্ধ রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনা। এতে ক্ষুব্ধ শহরবাসী নামলেন ভিন্নধর্মী আন্দোলনে।
তাদের মূল দাবি-সচল অর্থনীতি। কর্মসংস্থানের মাধ্যমে খাদ্য-স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। বিষয়টিকে মাথায় রেখেই প্রেসিডেন্ট ঘোষণা দেন, জুন থেকেই স্বাভাবিক হবে পর্যটন ও ক্রিড়াখাত।
ইতালি, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশও লকডাউন প্রত্যাহারের দাবিতে হয়ে উঠছে উত্তপ্ত। ক্ষুব্ধদের শান্ত রাখতে সরকারি উদ্যেগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জার্মান চ্যান্সেলর।
(এসএএম/২৪ মে ২০২০)



