ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে করোনা প্রতিরোধক সামগ্রী উপহার দিল এডিএন টেলিকম ও জিনিউ কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলমান করোনা পরিস্থিতিতে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারিদের স্বাস্থ্য সুরক্ষায় ১২ হাজার ফেস মাস্ক প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড ও জিনিউ কর্পোরেশন, চায়না।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জাব্বার এর সম্মানে এই “করোনা প্রতিরোধক জরুরী স্বাস্থ্য নিরাপত্তা উপহার সামগ্রী” প্রদান করেছে প্রতিষ্ঠান দুটি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এডিএন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জহির আহমেদ এর কাছ থেকে মন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান।
এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব, ডিজিটাল সংযোগ সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষার এই উদ্যোগের জন্য এডিএন টেলিকমকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এডিএন এর এই সহযোগিতা নিরবচ্ছিন্ন সংযোগ, সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মীদের আরো উৎসাহিত করবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম, যুগ্ন-সচিব মোখলেছুর রহমান, এডিএন এর এবং চীফ প্রজেক্ট অফিসার মো: আজহারুল হক চৌধুরী এবংএডিএন গ্রুপ এর হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন তানভির মো: হাফিজুল হক উপস্থিত ছিলেন।
(নিলয়/শামীম/১৫ জুন ২০২০)



