যাচাই-বাছাই করে বিনিয়োগের পরামর্শ জেপি মরগানের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। একইসঙ্গে নভেল করোনাভাইরাস যাদের জন্য আশীর্বাদ হয়েই এসেছে সেসব খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি বলছে, এ সময়ে সম্পদে বিনিয়োগের বিপরীতে রিটার্নের পরিমাণ কমে যেতে পারে। এ কারণে বছরের দ্বিতীয়ার্ধে ভালো করে যাচাই-বাছাই করে বিনিয়োগের পরামর্শ দিয়েছে তারা। খবর ব্লুমবার্গ।

জেপি মরগান বলেছে, বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে সেসব দেশের বন্ডে ডিউরেশন রিস্ক নেয়া যেতে পারে, যেখানে মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর পজিটিভ ইল্ড থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেসব দেশের ঋণমাণের স্থিতিশীলতা নিয়ে খুব বেশি উদ্বেগ নেই, সেসব দেশের বন্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছে জেপি মরগান।

প্রতিষ্ঠানটি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে খেলাপি হারের বিষয়টি মাথায় রাখতে বলেছে। এক্ষেত্রে উচ্চ সুদের পরিবর্তে উচ্চ ঋণমানের বিষয়টিকে প্রাধান্য দিতে বলেছে।

জেপি মরগান এ মুহূর্তে উদীয়মান বাজারগুলোর করপোরেট বন্ড না কেনার পরামর্শ দিয়েছে। এক্ষেত্রে উন্নত বাজারগুলোকে বেছে নিতে বলেছে তারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এশিয়ার উত্তরাঞ্চলের অনেক উদীয়মান বাজারকেই এখন জনস্বাস্থ্য ও ঋণমানের স্থিতিশীলতা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে জেপি মরগান সেসব কোম্পানিকে বেছে নিতে বলেছে, নভেল করোনাভাইরাস যাদের জন্য আশীর্বাদ হয়েই এসেছে। অর্থাৎ করোনা প্রাদুর্ভাবের পর যাদের ব্যবসা তো কমেইনি, বরং ফুলে-ফেঁপে উঠেছে।

(এসএএম/২৩ জুন ২০২০)


Comment As:

Comment (0)