যুক্তরাষ্ট্রে ভয়াবহ করোনা পরিস্থিতিতেই নির্বাচন অনুষ্ঠিত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে কোভিড নাইটিনে আক্রান্তের সংখ্যা কিছু দিন কম থাকলেও আবারও তা হু হু করে বাড়ছে।
মঙ্গলবার (২৩ জুন) একদিনে আক্রান্ত হয়েছেন ছত্রিশ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন প্রায় নয়শ। এরই মধ্যে নিউইয়র্ক, ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি ভোট দিয়েছেন। নির্বাচনে প্রার্থীও হয়েছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি।
করোনা মহামারির মধ্যেও নিউইয়র্কে ভোট কেন্দ্রগুলোতে বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কেন্দ্রে এসে ভোট দেওয়ার চেয়ে ডাকযোগেই ভোট দিয়েছেন বেশি মানুষ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি মার্কিন কংগ্রেস, নিউইয়র্ক স্টেট এসেম্বলীতে প্রার্থী হয়েছেন। চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মধ্যেও ভোট কেন্দ্রগুলোর পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ব্যালট পেপারসহ ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশিকা দেয়া ছিল বাংলায়।
যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, ফলাফল যাই হোক না কেন তারা প্রার্থী হওয়ার কারণে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হচ্ছে।
অনেক তরুণ বাংলাদেশি ভোটাররাও নির্বাচনে ভোট দিয়েছেন। বাংলাদেশি প্রার্থীদের প্রচারণায়ও ছিলেন সরব।
প্রচারণায় থাকা এক বাংলাদেশি তরুণী জানান, প্রথমবারের মতো আমি নির্বাচনের প্রচারণায় এসেছি। আমার খুব ভালো লাগছে।
স্থানীয় সময় রাত নয়টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রেগুলোর ফলাফলে দেখা যায় নির্বাচনে বেশ পিছিয়ে রয়েছেন বাংলাদেশি প্রার্থীরা। তবে ডাকযোগে পাঠানো ভোটের গণনা শেষে চূড়ান্ত ফলাফল পেতে সপ্তাহখানেক সময় লাগবে।
এদিকে করোনা মহামারি কাটিয়ে ওঠে যুক্তরাষ্ট্রের জনজীবন যখন স্বাভাবিক হতে শুরু করেছে তখনই আবারও নতুন করে যেন হানা দিয়েছে কোভিড নাইনটিন ভাইরাস। এরমধ্যেই দেশটিতে আগামী কয়েকদিনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি।
তিনি বলেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।
অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল মঙ্গলবার।
(এএইচএন/ ২৪ জুন, ২০২০)



