যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় উত্তর কোরিয়া

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ট্রাম্পকে ভালো সাজাতেই আলোচনা চায় যুক্তরাষ্ট্র, এর বেশি কিছু না। উত্তর কোরিয়ার এমন মন্তব্যে এখনো কিছু জানায়নি পেন্টাগন।

গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আরেকটি বৈঠকে বসতে পারেন ট্রাম্প। আর এটা হবে অক্টোবর সারপ্রাইজ।

তবে দুদিনের মাথায় ট্রাম্প-কিমের সেই বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। শনিবার উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চই সন হুই বলেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসার কোনো পরিকল্পনাই তাদের নেই। পিয়ংইয়ংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের যে শত্রুতাপূর্ণ নীতি বিদ্যমান এ অবস্থায় কোনো মতেই আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তিনি।

উত্তর কোরিয়া উপ-পররাষ্ট্রমন্ত্রী চই সন হুই বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনার কোনো ইচ্ছে আমাদের নেই। আলোচনা মানেই যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক হাতিয়ার। যুক্তরাষ্ট্র ভুল করবে তারা যদি মনে করে সমঝোতার মতো কোনো প্রচেষ্টা কাজ করবে।’

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরে যাবেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগান। গেলো বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আরেকবার ট্রাম্প-কিমের বৈঠকে বসা উচিত। আর এরমধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করলো উত্তর কোরিয়া।

এর আগে পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার দ্বন্দ্ব যখন তুঙ্গে তখন তিন বার বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। তবে গেলো বছর ভিয়েতনামে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকের পর থেকে পরমাণু সমঝোতা আলোচনা হোচট খায়। সেই বৈঠকে পরমাণু পরিকল্পনা আংশিক সমর্পণের বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান কিম জং উন। তবে তা প্রত্যাখ্যান করে দেন ট্রাম্প।

(এএইচএন/ ০৫ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)