করোনা দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রাম্পের নীতির সমালোচনা নিউইয়র্ক গভর্নরের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও প্রতিদিনই অর্ধলক্ষাধিক মানুষ শনাক্ত হচ্ছেন। ২৪ ঘণ্টায় আরও প্রায় ৫০ হাজার মানুষের দেহে কোভিড উনিশের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন ৩৬০ জন। প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ায় ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করেছেন নিউইয়র্কের গভর্নর। এর মধ্যেই খুলে দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকত।

যুক্তরাষ্ট্রে যখন প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তখনই তুলে নেয়া হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্যের বিধিনিষেধ। নিউইয়র্কেও অনেকটাই স্বাভাবিক জনজীবন।

এমন পরিস্থিতিতে কোভিড-১৯ আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা নিউইয়র্ক গভর্নর এন্ড্রু কুমোর। তিনি বলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার প্রকোপের জন্য মার্কিন প্রেসিডেন্টের লকডাউনের শিথিলের নীতিকে দায়ী করেন তিনি।

এন্ড্রু কুমো বলেন, যখন সব কিছু স্বাভাবিক করে দেয়া হচ্ছে তখন থেকেই আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বোঝা উচিত মার্কিনরা এই কোভিড-১৯ থেকে মুক্তির পথ খুঁজছেন। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে হেলাফেলা করার পরিণতি এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। সতর্ক থাকলে যুক্তরাষ্ট্রে আজ এতো মানুষ প্রাণ হারাতো না।

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে ১৫টি অঙ্গরাজ্য থেকে শিকাগোতে ভ্রমণে আসলে তাকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আইন অমান্য করলে রয়েছে জরিমানারও বিধান।

অন্যদিকে ফ্লোরিডাতেও সংক্রমণ আবারো বাড়ার আশঙ্কা করছেন সেখানকার গভর্নর। রাজ্যের জনগণের সহযোগিতায় তা মোকাবিলা করা সম্ভব বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনার কারণে বন্ধ থাকার পর আবারো খুলে দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি সমুদ্র সৈকত। উত্তাল সাগরে সার্ফিং-এ ব্যস্ত সময় পার করছেন সার্ফাররা।

(এএইচএন/ ০৭ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)