মার্কিন পুঁজিবাজারে করোনার টিকা আবিষ্কারের প্রভাব
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনার প্রতিষেধক আবিষ্কারের অগ্রগতি মার্কিন পুঁজিবাজারে উর্ধমুখী সূচকে ব্যাপক প্রভাব ফেলেছে। এই প্রভাবে সোমবার (১৩ জুলাই) চড়চড় করে বেড়ে গেছে ওয়াল স্ট্রীটের প্রধান সূচক। দিনভিত্তিক (ইন্ট্রাডে) শেয়ার কেনাবেচা রেকর্ড করে বিশ্বের সর্ববৃহৎ ইলেক্ট্রনিক স্ক্রিনের মার্কিন শেয়ার বাজার ন্যাসড্যাক। এর কারণ, বিনিয়োগকারীরা করোনার প্রতিষেধক আবিষ্কারের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন।
এদিন, জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক’র শেয়ারের দাম এক লাফে বেড়েছে ১৪ শতাংশ (১৩.৯%) আর আমেরিকান বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিফিজার ইনকরপোরেশনের দাম বেড়েছে সাড়ে ৫ শতাংশ (৫.৪%)।
সোমবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এই দুই প্রতিষ্ঠানের করোনার পরীক্ষামূলক টিকাকে ফাস্ট ট্র্যাক হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণার পরপর এই দাম বৃদ্ধির ঘটনা ঘটল।
‘এটা একটা ভালো খবর যে আমরা অল্প কয়েকটি শেয়ারের পেছনে না ছুটেও লাভের দিকে যাচ্ছি। গুটিকয়েক শেয়ার নিয়ে দৌড়ানো বাজার প্রতিযোগিতাকে ছোট করে ফেলে’- করোনার ধাক্কায় ওয়াল স্ট্রীটের উর্ধ্বমুখী বাজারসূচক দেখে এভাবেই প্রতিক্রিয়া জানান নিউজার্সিভিত্তিক প্রতিষ্ঠান নিউভেনিস ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রে বাকোশ।
বাজারের এই উর্ধমুখী প্রবণতার পেছনে প্রযুক্তিখাতের দুই মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠান চিপমেকার-ম্যাক্সিমের একীভূত হওয়ার খবরও প্রভাব ফেলেছে। সম্প্রতি চিপমেকার অ্যানালগ ডিভাইসেস ইনকরপোরেশন, রিভাল ম্যাক্সিম ইন্টিগ্রেটেড প্রোডাক্টস ইনকরপোরেশনকে কিনে নিতে ২১ বিলিয়ন ডলার ঘোষণা করেছে। আর এতেই সোমবার চিপমেকারের দাম বেড়েছে ১১.২ শতাংশ আর ৩.৮ শতাংশ বেড়েছে ম্যাক্সিমের দাম।
সোমবারের মার্কিন পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন প্রযুক্তি ও প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠানগুলোই বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল। আর লকডাউনে ঘরে বসে নুনী স্ন্যাকস খাওয়ার প্রবণতা বাড়ায় পেপসিকোর শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ।
(এএইচএন/ ১৪ জুলাই, ২০২০)



