স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে চীনের ব্যবসা-বাণিজ্য

বিনিয়োগবার্তা ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে চীনের ব্যবসা-বাণিজ্য। এ অবস্থায় জুনে দেশটিতে পণ্য পরিবহন শিল্পে প্রবৃদ্ধির হার বেড়েছে। খবর সিনহুয়া।

চায়না একাডেমি অব ট্রান্সপোর্টেশন সায়েন্সেসের (সিএটিএস) তথ্য অনুসারে, গত মাসে চায়না ট্রান্সপোর্টেশন সার্ভিসেস ইনডেক্স (সিটিএসআই) দাঁড়িয়েছে ১৫৩ দশমিক ৯ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কম। মে মাসে এ সূচক বছরওয়ারি কমেছিল ১৬ দশমিক ৫ শতাংশ।

খবরে জানানো হয়, সিটিএসআইয়ের মধ্যে পণ্য পরিবহনের সাব-ইনডেক্স গত মাসে দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ২ পয়েন্ট, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। আগের মাসের সঙ্গে তুলনা করলে সূচকটিতে প্রবৃদ্ধি হয়েছে তুলনামূলক বেশি হারে। মে মাসে পণ্য পরিবহনের সাব-ইনডেক্স বেড়েছিল দশমিক ৮ শতাংশ। অর্থাৎ মে মাসে চীনে পণ্য পরিবহন হয়েছিল আগের বছরের একই সময়ের প্রায় সমান।

পণ্য পরিবহন বাড়লেও জুনে যাত্রী পরিবহন আরো কমেছে। গত মাসে এ সাব-ইনডেক্সে পতন হয়েছে ৪৩ দশমিক ১ শতাংশ। মে মাসে এ হার ছিল ৬ দশমিক ১ শতাংশ।

সিএটিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নভেল করোনাভাইরাসের প্রভাব কমতে শুরু করায় চীনে পণ্য উৎপাদন ও সরবরাহের কার্যাদেশ বাড়তে শুরু করেছে। যাত্রী পরিবহনে এখনো মন্দা ভাব থাকলেও দেশটিতে পণ্য পরিবহন কার্যত ট্র্যাকে ফিরেছে।’

রেল, সড়ক, জল ও আকাশপথ—পরিবহনের সব মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ বিশ্লেষণ করেই পরিবহন সেবা সূচক সিটিএসআই হিসাব করা হয়। এক্ষেত্রে ২০১০ সালকে ভিত্তি বছর ধরা হয়। আর বেজ ভ্যালু ধরা হয় ১০০ পয়েন্টকে। যাত্রী পরিবহন ও পণ্য পরিবহন—এই দুই সাব-ইনডেক্স মিলিয়ে সার্বিক সূচক প্রকাশ করা হয়।

(ডিএফই/২২ জুলাই ২০২০)


Comment As:

Comment (0)