ফ্রান্সে পিএসজির সমর্থকদের ভাঙচুর অগ্নিসংযোগ, আটক ১৪৮
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে উৎফুল্ল সমর্থকদের আত্মবিশ্বাস একটু বেশিই ছিল। তারা নিশ্চিত ছিল নেইমার এমবাপ্পেরা শিরোপাটাও এবার ফ্রান্সকেই এনে দেবে। আশা ছিল এবার ইতিহাস করবে তারা। কিন্তু লিসবনে ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-০ গোলে হেরে গেল পিএসজি।
এই হার মেনে নিতে পারছে না পিএসজি সমর্থকরা। ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময়ে বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেন তারা। এ ঘটনায় ১৪৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ফাইনালকে সামনে রেখে পুরো প্যারিস শহরে মোতায়েন করা হয় তিন হাজারের বেশি দাঙ্গা পুলিশ।
করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে শুরু হয়েছে ফ্রান্সে। তাই সরকারের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল, যাতে খেলা দেখার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।
রয়টার্স জানায়, ম্যাচ শুরুর পর প্যারিসের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব না মেনেই সমর্থকরা খেলা দেখতে থাকে। অনেকেই উপস্থিত হয় মাস্ক ছাড়াই। এসময় স্থানীয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতেই শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইটারে জানিয়েছেন, মুখে মাস্ক না পরার কারণে প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে সতর্ক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজে দেখা যায়, সন্ধ্যার দিকে অনেকেই প্যারিসের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামের বাইরে মশাল জ্বালিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে থাকে। পুলিশও টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্যারিসের পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আটক করা হয়নি কাউকেই।
সূত্র: এএফপি
(ডিএফই/২৪ আগস্ট, ২০২০)



